পুলিশকর্তাকে ‘গুন্ডা’ হওয়ার হুঁশিয়ারি সাংসদ রাজু বিস্তার, উত্তপ্ত পাহাড়ের রাজনীতি
দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তার একটি বিতর্কিত অডিও ক্লিপ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। অভিযোগ উঠেছে, এক পুলিশ আধিকারিককে ফোনে সরাসরি হুমকির সুরে তিনি নিজেকে ‘সবচেয়ে বড় গুন্ডা’ বলে দাবি করেছেন। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ঝমকলাল জোত গ্রামে গত ডিসেম্বরে ঘটা একটি জমি বিবাদের তদন্তের অগ্রগতি জানতে গিয়েই সাংসদ মেজাজ হারান বলে জানা গেছে।
মঙ্গলবার বিজেপি কর্মীদের নিয়ে ওই ঘটনার ভুক্তভোগী এক পরিবারের সঙ্গে দেখা করতে যান রাজু বিস্তা। সেখান থেকেই ফোনে এক পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলার সময় তিনি চড়া সুরে তাঁকে ‘তৃণমূলের দালাল’ বলে সম্বোধন করেন। ভাইরাল হওয়া ওই অডিওতে তাঁকে বলতে শোনা যায়, এলাকায় যত গুন্ডা আছে সবাইকে যেন জানিয়ে দেওয়া হয় যে তাঁর চেয়ে বড় গুন্ডা আর কেউ নেই।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূল ও বাম নেতৃত্ব সাংসদের ভাষার তীব্র সমালোচনা করেছেন। তৃণমূলের দাবি, এই মন্তব্য বিজেপির সংস্কৃতিকে প্রতিফলিত করে, অন্যদিকে সিপিএম এই আচরণকে ‘ভয়ঙ্কর’ বলে আখ্যা দিয়েছে। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি এবং ভাইরাল হওয়া ওই অডিওর সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

