পুলিশকর্মীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে লালবাজারের ১৫ দফা কড়া নির্দেশিকা
কলকাতা পুলিশের কর্মীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে কড়া নজরদারি ও ১৫ দফার একগুচ্ছ নির্দেশিকা জারি করল লালবাজার। বাহিনীর নিরপেক্ষ ভাবমূর্তি বজায় রাখা এবং গোপনীয় তথ্য ফাঁস রোধ করতেই পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার এই পদক্ষেপ নিয়েছেন। এখন থেকে ডিউটির ছবি, তদন্তের কৌশল বা স্পর্শকাতর কোনো তথ্য ব্যক্তিগত অ্যাকাউন্টে পোস্ট করা নিষিদ্ধ করা হয়েছে।
নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, কোনো পুলিশকর্মী ব্যক্তিগত প্রোফাইল বা মেসেজিং অ্যাপে সরকারি নীতি, প্রকল্প কিংবা রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করতে পারবেন না। এমনকি কোনো অভিযুক্ত বা চলতি তদন্ত নিয়ে আগাম মতামত প্রকাশ করা থেকেও তাঁদের বিরত থাকতে বলা হয়েছে। তদন্তের তথ্যপ্রমাণ বা ডিজিটাল মাধ্যমে অপেশাদার আচরণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
লালবাজার জানিয়েছে, বাহিনীর শৃঙ্খলা রক্ষা ও জনমানসে পুলিশের গ্রহণযোগ্যতা বাড়াতে এই নিয়মাবলী বাধ্যতামূলক। সরকারি অনুষ্ঠান বা প্রশাসনিক বিষয় নিয়ে বিরূপ মন্তব্য এবং অযথা বিতর্কে জড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। এই নির্দেশিকা অমান্য করলে সংশ্লিষ্ট পুলিশকর্মীর বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

