পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, টুর্নামেন্ট খেলে ফেরার পথে প্রাণ হারালেন ৩ তরুণ টেনিস খেলোয়াড় – এবেলা

পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, টুর্নামেন্ট খেলে ফেরার পথে প্রাণ হারালেন ৩ তরুণ টেনিস খেলোয়াড় – এবেলা

এবেলা ডেস্কঃ

অযোধ্যা: টুর্নামেন্ট খেলে বাড়ি ফেরার আনন্দ নিমেষেই ট্র্যাজেডিতে পরিণত হলো। বুধবার ভোরে উত্তরপ্রদেশের অযোধ্যায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন জন উদীয়মান টেনিস খেলোয়াড়। এই একই ঘটনায় আরও তিন জন গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তিন টেনিস খেলোয়াড়ের নাম নিত্য প্রজাপতি (২২), ইরফান আনসারি (২০) এবং অনিকেত (২৪)। তাঁরা সকলেই উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, লখনউতে একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে বুধবার ভোরে চারচাকা গাড়িতে চড়ে দেওরিয়ায় নিজ বাড়িতে ফিরছিলেন এই ছয় খেলোয়াড়। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় গাড়িটির গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারেরও বেশি ছিল। দ্রুতগতিতে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় গাড়িটির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়।

বিকট শব্দ শুনে প্রথমে স্থানীয় বাসিন্দারাই ছুটে এসে প্রাথমিক উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়েজ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি (UPEIDA)-র সদস্য ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গাড়িটি কেটে ছ’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তিন জনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিন জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, দ্রুতগতির কারণে এবং টানা গাড়ি চালানোর ফলে চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ার জন্যই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার পুরো বিষয়টি নিয়ে পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *