পৈলানে তৈরি হচ্ছে বিশেষ মার্কেট, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য বড় ঘোষণা – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর নারী শক্তি ও কুটির শিল্পের কারিগরদের উৎপাদিত পণ্যকে বিশ্ববাজারে পৌঁছে দিতে বড়সড় পদক্ষেপ নিল প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প অনুযায়ী, এবার দক্ষিণ ২৪ পরগনার পৈলানে গড়ে উঠতে চলেছে একটি আধুনিক ও পৃথক মার্কেট কমপ্লেক্স।
ডায়মন্ডহারবার পুলিশ জেলার সদর দপ্তরের ঠিক অদূরেই একটি বিস্তীর্ণ ফাঁকা জমিকে এই প্রকল্পের জন্য চিহ্নিত করেছে জেলা প্রশাসন। সরকারি সূত্রে খবর, পৈলানে ওই জায়গায় প্রচুর জমি থাকলেও প্রাথমিক পর্যায়ে প্রায় হাফ একর জমির ওপর এই সুদৃশ্য বাজার বা বিপণন কেন্দ্রটি নির্মাণ করা হবে।
এই মার্কেট তৈরির মূল উদ্দেশ্য হলো গ্রাম বাংলার মহিলাদের হাতের কাজ এবং স্বনির্ভর গোষ্ঠীর তৈরি সামগ্রী সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া। এর ফলে একদিকে যেমন মধ্যস্বত্বভোগীদের দাপট কমবে, তেমনই কারিগররা তাদের পরিশ্রমের সঠিক দাম পাবেন। প্রশাসনিক কর্তাদের মতে, পৈলানের এই কৌশলগত অবস্থান ব্যবসার দিক থেকে অত্যন্ত লাভজনক হবে, কারণ এটি সরাসরি কলকাতার সংযোগস্থলে এবং পর্যটকদের যাতায়াতের প্রধান পথে অবস্থিত।
শীঘ্রই এই ভবনের নকশা চূড়ান্ত করে নির্মাণ কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে জেলা প্রশাসনের। এর ফলে দক্ষিণ ২৪ পরগনার কয়েক হাজার স্বনির্ভর গোষ্ঠী ও ক্ষুদ্র শিল্পের কারিগররা অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হওয়ার দিশা খুঁজে পাবেন।

