লেটেস্ট নিউজ

পোষ্য কুকুরের মালিকানা নিয়ে হাইকোর্টে মহুয়া, জয় অনন্ত দেহাদোরাইকে নোটিশ জারি

পোষ্য রটওয়াইলার ‘হেনরি’-র মালিকানা নিয়ে প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহাদোরাইয়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। এর আগে দিল্লির সাকেত আদালত মহুয়ার আবেদন খারিজ করে দিলে তিনি সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে পিটিশন দাখিল করেন। বৃহস্পতিবার এই মামলার প্রেক্ষিতে বিচারপতি জয় অনন্ত দেহাদোরাইকে নোটিশ জারি করে জবাব তলব করেছেন এবং পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২৯ এপ্রিল।

আদালতে মহুয়া দাবি করেন, হেনরি মূলত তাঁর বাসভবনেই থাকত এবং ট্রায়াল কোর্টের মালিকানা সংক্রান্ত পর্যবেক্ষণটি ত্রুটিপূর্ণ। তাঁর যুক্তি, কেনেল ক্লাবের শংসাপত্রসহ বিভিন্ন নথি প্রমাণ করে যে কুকুরটি তাঁরই জিম্মায় ছিল। সাংসদ থাকাকালীন কাজের প্রয়োজনে বাইরে গেলে তিনি সাময়িকভাবে পোষ্যটিকে বন্ধুর কাছে রেখে যেতেন। মহুয়ার অভিযোগ, নিম্ন আদালত শুধুমাত্র অর্থপ্রদানকে মালিকানার ভিত্তি হিসেবে ধরে ভুল করেছে।

অন্যদিকে, জয় অনন্ত দেহাদোরাই ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত হয়ে মহুয়ার এই আবেদন খারিজ করার পালটা আর্জি জানান। উল্লেখ্য, এই দুই পক্ষের মধ্যে পূর্ব থেকেই আইনি বিবাদ চলছে, যার জেরে ইতিপূর্বে মহুয়ার সংসদ পদ খারিজের মতো ঘটনাও ঘটেছে। বর্তমানে হেনরির সান্নিধ্য পেতে প্রতি মাসে ১০ দিন সময় চেয়ে করা এই আইনি লড়াই এখন হাইকোর্টের রায়ের অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *