প্রতি মিনিটে ব্লক একটি পোস্ট! মেটার ওপর কড়া পদক্ষেপ সরকারের, কার ঘাড়ে নামছে কোপ? – এবেলা

এবেলা ডেস্কঃ
সোশ্যাল মিডিয়ায় শিশু নিগ্রহ, ভুয়ো তথ্য ও অপপ্রচারের বাড়বাড়ন্ত রুখতে কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের আরটিআই তথ্য বিশ্লেষণ করে জানা গিয়েছে, গত মার্চ থেকে জুলাই মাসের মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স-এর মতো মাধ্যমে প্রায় ১ লক্ষ ৯৫ হাজার পোস্ট সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই হিসাব অনুযায়ী, গড়ে প্রতিদিন ১২৭৫টি এবং প্রতি ৬৮ সেকেন্ডে একটি করে পোস্ট ব্লক করা হয়েছে। ২০২৪ থেকে ২০২৫ সালের বার্ষিক হিসাবের তুলনায় চলতি বছরে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের এই তৎপরতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
সরকারি কোপের বড় অংশটি পড়েছে মেটার নিয়ন্ত্রণাধীন প্ল্যাটফর্মগুলির ওপর, যার মধ্যে কেবল ইনস্টাগ্রাম থেকেই সরানো হয়েছে প্রায় ১ লক্ষ পোস্ট এবং ফেসবুক থেকে অন্তত ৮০ হাজার পোস্ট। ডিপফেক প্রযুক্তি ও বিকৃত ছবি প্রতিরোধে মেটাকে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’ ও সরকারি সহযোগী পোর্টালের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নীট আন্দোলন, ই২০ বিতর্ক এবং রাজ্যের বিধানসভা নির্বাচন সংক্রান্ত স্পর্শকাতর পোস্টও সরানো হয়েছে। কনটেন্ট নিয়ন্ত্রণে গাফিলতি এড়াতে সংস্থাটিকে দ্রুত সুনির্দিষ্ট পরিকল্পনা ও রোডম্যাপ জমা দিতে বলা হয়েছে।
