প্রধান বিচারপতির সাথে সিইও-র বৈঠক, সোমবার ঠিক হবে কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি
সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশের পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে জরুরি বৈঠকে বসলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ কুমার আগরওয়াল এবং মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। মূলত এসআইআর সংক্রান্ত কাজে তথ্যগত অসঙ্গতি মেটাতে ‘জুডিশিয়াল অফিসার’ নিয়োগের বিষয়ে এই আলোচনা হয়েছে। বৈঠক শেষে সিইও জানান, আদালতকে সব ধরণের তথ্য দিয়ে সহায়তা করা হবে।
অন্যদিকে, বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী ১ মার্চ প্রথম দফায় ২৪০ কো ম্পা নি এবং ১০ মার্চ দ্বিতীয় দফায় আরও ২৪০ কো ম্পা নি অর্থাৎ মোট ৪৮০ কো ম্পা নি আধাসেনা বঙ্গে আসবে। এই বিপুল সংখ্যক বাহিনীর অবস্থান ও ব্যবহারের রূপরেখা নির্ধারণে আগামী সোমবার বিকেলে সিইও দপ্তরে একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে।
সোমবারের এই গুরুত্বপূর্ণ বৈঠকে সিইও ছাড়াও উপস্থিত থাকবেন স্পেশাল অবজার্ভার এন কে মিশ্র, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের কমিশনার এবং সিআইএসএফ-এর নোডাল অফিসাররা। নির্বাচনী স্বচ্ছতা বজায় রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই সমন্বয় বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এসআইআর নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই কমিশনের এই তৎপরতা লক্ষ্যণীয়।

