প্রধানমন্ত্রীর গ্যারান্টিতেই ফিরবে বাংলার হৃত গৌরব: শুভেন্দু – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক
বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের হারানো সম্মান ফিরিয়ে আনতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব নিয়েছেন।
শুভেন্দু অধিকারীর মতে, পশ্চিমবঙ্গ আজ একাধিক ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। রাজনৈতিক সন্ত্রাসের পাশাপাশি রাজ্যে জনবিন্যাস বা ধর্মীয় ভারসাম্য বদলে দেওয়ার মতো গুরুতর অভিযোগও তুলেছেন তিনি। লপ-এর বিস্ফোরক দাবি, দেশজুড়ে ধরা পড়া অনেক জঙ্গির ভোটার কার্ড তৈরি হয়েছে এই বাংলাতেই।
রাজ্যের শাসনব্যবস্থাকে তুলোধোনা করে তিনি বলেন, “পশ্চিমবঙ্গের হৃত গৌরব পুনরুদ্ধারের দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন। তিনি নিজেই এই পরিবর্তনের গ্যারেন্টার।” শুভেন্দুর সাফ কথা, বাংলাতে বিজেপির জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশের সামগ্রিক রাজনৈতিক লড়াই সম্পূর্ণ হবে না। বিধানসভা ভোটের আগে তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

