প্রধানমন্ত্রীর বাসভবনের সন্নিকটে বস্তি উচ্ছেদের নোটিস, বিপাকে ৭০০ পরিবার – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজধানীর অতি ভিআইপি এলাকা হিসেবে পরিচিত লোক কল্যাণ মার্গের অদূরে অবস্থিত তিনটি ঝুগ্গি কলোনি—বিআর ক্যাম্প, মসজিদ ক্যাম্প ও ডিআইডি ক্যাম্পের বাসিন্দাদের আগামী ৬ মার্চের মধ্যে ঘর খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের অধীন ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এলঅ্যান্ডডিও) এই উচ্ছেদ নোটিস জারি করেছে। কয়েক দশক ধরে এখানে বসবাসকারী প্রায় ৭০০ পরিবারকে উত্তর-পশ্চিম দিল্লির সাভদা ঘেভরায় পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছে।
উচ্ছেদের এই আকস্মিক সিদ্ধান্তে চরম অনিশ্চয়তায় পড়েছেন কয়েক হাজার মানুষ। প্রস্তাবিত পুনর্বাসন এলাকাটি বর্তমান কর্মস্থল থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে হওয়ায় জীবিকা হারানোর ভয় পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এখানকার মহিলারা পার্শ্ববর্তী কূটনৈতিক ও সরকারি বাংলোয় গৃহকর্মীর কাজ করেন এবং পুরুষরা সংলগ্ন প্রতিষ্ঠানে অস্থায়ী শ্রমিক হিসেবে নিযুক্ত। এছাড়া, স্থানীয় শিশুদের পড়াশোনা ও যাতায়াত নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।
আইনি লড়াইয়ের প্রেক্ষাপটে দিল্লি হাই কোর্ট ইতিপূর্বে নির্দেশ দিয়েছিল যে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বাসিন্দাদের উচ্ছেদ করা যাবে না। আগামী ১৩ মে আদালত এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে এবং ততদিন পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বজায় রাখার কথা বলা হয়েছে। দশকের পর দশক ধরে গড়ে ওঠা বসতি ছেড়ে এক অজানা ভবিষ্যতের দিকে পা বাড়ানো নিয়ে বর্তমানে বিড়ম্বনায় পড়েছেন কয়েক হাজার মানুষ।

