প্রধানশিক্ষককে মারধরের জের: জামিনের আবেদন না হওয়ায় জুভেনাইল হেফাজতেই ৪ অভিযুক্ত ছাত্র – এবেলা

এবেলা ডেস্কঃ
September 14, 202610:34 am
জলপাইগুড়ির ঐতিহ্যবাহী জেলা স্কুলে প্রধানশিক্ষককে রক্তাক্ত করার ঘটনায় আটক চার নাবালক ছাত্রের জামিনের আবেদন রবিবার আদালতে জমা পড়েনি। আইনি প্রক্রিয়ার অনুপস্থিতি এবং অভিভাবকদের নিষ্ক্রিয়তার জেরে আপাতত তাদের জুভেনাইল হেফাজতেই থাকতে হচ্ছে।
গত মঙ্গলবার শিক্ষক দিবসের বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে স্কুল চত্বর। শিক্ষকদের অভিযোগ, দশম শ্রেণির একদল ছাত্র প্রধানশিক্ষক ধর্মচাঁদ বারুইয়ের ওপর চড়াও হয়ে তাঁকে বেধড়ক মারধর করে। এই ঘটনায় কপাল ফেটে তিনি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পৌঁছালে তাদের গাড়ি আটকে বিক্ষোভও দেখায় অভিযুক্তরা।
ঘটনার জেরে কড়া পদক্ষেপ নেয় প্রশাসন। শিক্ষামন্ত্রীর নির্দেশে অভিযুক্ত চার ছাত্রকে স্কুল থেকে টিসি দিয়ে সরকারি রেজিস্টার থেকে তাদের নাম বাদ দেওয়া হয়। অন্যদিকে, কোতোয়ালি থানার পুলিশ শুক্রবার তাদের গ্রেফতার করে এবং শনিবার জুভেনাইল হোমে পাঠায়।
রবিবার মামলাটি জুভেনাইল জাস্টিস বোর্ডে উঠলেও পরিবারের পক্ষ থেকে কেউ উপস্থিত ছিলেন না এবং জামিনের কোনো আবেদনও জমা হয়নি। বোর্ডের সরকারি আইনজীবী শান্তা চট্টোপাধ্যায় জানান, আইনি পদক্ষেপ না থাকায় নিয়ম অনুযায়ী তাদের হোমে থাকতে হয়েছে। সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
