প্রলয়ংকরী হড়পা বান! নেপালে নিখোঁজ ১০৫ ভারতীয়সহ ৪০০ কৈলাসযাত্রী, সীমান্তজুড়ে রেড অ্যালার্ট! – এবেলা

এবেলা ডেস্কঃ
প্রকৃতির ভয়াবহ তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে নেপাল। লাগাতার দুর্যোগে দেশটিতে এখনও পর্যন্ত ১৬ জনের প্রাণহানির খবর মিলেছে। এর পাশাপাশি, হড়পা বানের তোড়ে ১০৫ জন ভারতীয়সহ মোট ৪০০ জন কৈলাসযাত্রী নিখোঁজ রয়েছেন। জলের প্রবল স্রোতে একের পর এক সেতু, বাড়িঘর ও বহু যানবাহন ভেসে গেছে। তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ। এই পরিস্থিতিতে উদ্ধারকাজে গতি আনতে যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে এবং দুর্গত এলাকায় নামানো হয়েছে উদ্ধারকারী হেলিকপ্টারও।
বন্যার জল হু হু করে নিচের দিকে নেমে আসায় ভারতের সীমান্তবর্তী বিহার ও উত্তরপ্রদেশ রাজ্যেও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যেভাবে পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে, তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। নেপালজুড়ে চলা এই চরম বিপর্যয় মোকাবিলায় স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দলগুলো দিনরাত এক করে কাজ চালিয়ে যাচ্ছে।
