প্রশান্ত বর্মন মামলায় ফের বেঞ্চ বদল! সুপ্রিম কোর্টে শুরু আইনি জল্পনা – এবেলা

প্রশান্ত বর্মন মামলায় ফের বেঞ্চ বদল! সুপ্রিম কোর্টে শুরু আইনি জল্পনা – এবেলা

এবেলা ডেস্কঃ

খুনের মামলায় অভিযুক্ত সাসপেন্ডেড বিডিও প্রশান্ত বর্মনকে গত মঙ্গলবার ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রশান্ত। সুপ্রিম কোর্টের কজ়লিস্ট অনুযায়ী, আগামী মঙ্গলবার বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। তবে এই বেঞ্চ গঠন ঘিরেই আইনি মহলে নতুন করে প্রশ্ন উঠেছে।

আইনজীবীদের একাংশের প্রশ্ন, গত ১৯ জানুয়ারি বিতর্কিত বিডিও প্রশান্তর একই রকম আবেদনের শুনানি হয়েছিল তৎকালীন বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চে। বর্তমানে বিচারপতি মনোজ মিশ্রের সঙ্গে বেঞ্চে রয়েছেন বিচারপতি বিজয় বিষ্ণোই। তা হলে একই রকম মামলার নতুন আবেদন কেন বিচারপতি বিষ্ণোইকে বাদ দিয়ে অন্য বেঞ্চে পাঠানো হলো? বিচারপতি মিশ্র ও বিষ্ণোইয়ের বেঞ্চ এড়াতেই কি এই ব্যবস্থা, সেই প্রশ্নও তুলছেন অনেকে।

কলকাতা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী মিলন মুখোপাধ্যায়ের মতে, “একই রকম মামলায় আগের বেঞ্চের কোনও বিচারপতি বর্তমানে অন্য বেঞ্চে থাকলে, সেই বেঞ্চেই মামলাটি ওঠার কথা। এটাই নিয়ম।” সাম্প্রতিক সময়ে মুখ্য নির্বাচন কমিশনারের মেয়ের মামলা সহ বিভিন্ন ক্ষেত্রে বেঞ্চ নির্ধারণ নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। সেই আবহেই প্রশান্তর মামলাতেও আগের শুনানির সঙ্গে যুক্ত বিচারপতি সুপ্রিম কোর্টে থাকা সত্ত্বেও কেন অন্য বেঞ্চে মামলা গেল, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এই বিতর্কের অন্য একটি দিকও রয়েছে। আইনজীবীদের একাংশের বক্তব্য, আগের শুনানিতে সুপ্রিম কোর্ট প্রশান্তকে আগাম জামিন দিতে রাজি না হয়ে আত্মসমর্পণের সময় বেঁধে দিয়েছিল। এ বারও একই ধরনের আইনি লড়াইয়ের মুখে দাঁড়িয়ে অভিযুক্ত। আইনজীবীদের মতে, আগে বিচার হয়ে যাওয়ার পর ফের নতুন বেঞ্চে একই বিষয়ের শুনানি হলে বিচারপ্রক্রিয়ার ধারাবাহিকতা ব্যাহত হতে পারে। প্রয়োজনে এই ধরনের মামলার শুনানি অন্তত তিন বিচারপতির বৃহত্তর বেঞ্চে হওয়া উচিত বলে মনে করছেন তাঁরা।

সব মিলিয়ে, মঙ্গলবারের শুনানিতে মামলার মূল বিষয়ের পাশাপাশি বেঞ্চ নির্ধারণের বিষয়টিও আইনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকতে পারে। এই মামলায় রাজ্যের আইনজীবীদের ভূমিকার পাশাপাশি অভিযুক্তের পক্ষে সওয়াল করার কথা প্রবীণ আইনজীবী মুকুল রোহতগির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *