প্রসব যন্ত্রণায় অস্থির হয়ে নিজের পেট কাটলেন নারী, উত্তরপ্রদেশের ঘটনায় চাঞ্চল্য
উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায় প্রসব বেদনা সহ্য করতে না পেরে নিজের পেটে ছুরি চালিয়ে বেনজির কাণ্ড ঘটালেন ৩২ বছর বয়সী এক নারী। স্বামীর মৃত্যুর পর পাঁচ সন্তানকে নিয়ে একাকী বসবাসকারী ওই নারী যন্ত্রণায় দিশেহারা হয়ে এই চরম পদক্ষেপ নেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটিতে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই নারী এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। নবজাতক সুস্থ থাকলেও মায়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁর পেটে গভীর ক্ষত এবং অভ্যন্তরীণ অঙ্গে গুরুতর আঘাত লেগেছে। সময়মতো উন্নত চিকিৎসা না পাওয়ায় পরিস্থিতির অবনতি হয়েছে বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয়দের দাবি, চরম দারিদ্র্য এবং একাকীত্বের কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন ওই নারী। অসহ্য শারীরিক যন্ত্রণার সঙ্গে মানসিক আতঙ্ক যুক্ত হওয়ায় তিনি এমন কাজ করেছেন। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। এই মর্মান্তিক ঘটনাটি পুরো এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

