প্রস্রাবের বিরতি না দেওয়ায় ক্ষোভ! গাড়ির চালকের লোহার রডের ঘায়ে খুন পুর আধিকারিক – এবেলা

প্রস্রাবের বিরতি না দেওয়ায় ক্ষোভ! গাড়ির চালকের লোহার রডের ঘায়ে খুন পুর আধিকারিক – এবেলা

এবেলা ডেস্কঃ

গাড়ি চালানোর মাঝে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য সামান্য একটু বিরতি চেয়েছিলেন চালক। কিন্তু সেই আর্জিতে সায় দেননি গাড়িতে থাকা সরকারি আধিকারিক। আর তা নিয়েই বচসার জেরে ওই আধিকারিককে লোহার রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল চালকের বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বিহারের সাসারামে।

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম বিমল কুমার। তিনি সাসারাম পুরসভার এগজিকিউটিভ অফিসার পদে কর্মরত ছিলেন। রবিবার রাতে তিনি যখন পাটনার দিকে যাচ্ছিলেন, তখন পথেই এই আক্রমণের ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত গাড়ি চালক মিথিলেশ কুমারকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

অপরাধ কবুল চালকের

প্রাথমিক জেরায় মিথিলেশ দাবি করেছিলেন যে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গাড়ি থামিয়ে হামলা চালিয়েছে। কিন্তু মিথিলেশের গায়ে কোনো আঘাতের চিহ্ন না থাকায় পুলিশের সন্দেহ বাড়ে। মগধ রেঞ্জের আইজি বিকাশ বৈভব জানান, টানা জেরার মুখে অবশেষে অপরাধ স্বীকার করেছে মিথিলেশ। চালকের দাবি, দীর্ঘক্ষণ গাড়ি চালানোর পর টয়লেট ব্রেক না পাওয়া এবং অতিরিক্ত কাজের চাপের ক্ষোভ থেকেই সে এই চরম পদক্ষেপ নেয়।

নেপথ্যে কি রাজনৈতিক যোগ?

অন্যদিকে, এই হত্যাকাণ্ডে এক স্থানীয় বিধায়কের হাত রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন মৃতের স্ত্রী ববিতা। তাঁর দাবি, দেহরির এলজেপি (রামবিলাস) বিধায়ক রাজীব রঞ্জন সিং ওরফে সোনু সিং নিয়মিত ফোনে বিমল কুমারের কাছে মোটা অংকের টাকা দাবি করতেন। তবে বিধায়ক সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর নাম জড়ানো হচ্ছে এবং তিনি যেকোনো নিরপেক্ষ তদন্তের জন্য প্রস্তুত।

পুলিশ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে এবং হত্যায় ব্যবহৃত লোহার রডটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *