লেটেস্ট নিউজ

প্রার্থী নিয়ে ধুন্ধুমার সল্টলেকের বিজেপি অফিসে! মেজাজ হারিয়ে কর্মীদের চরম হুঁশিয়ারি দিলেন শমীক ভট্টাচার্য – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হতেই বঙ্গ বিজেপির অন্দরে বিবাদের সুর সপ্তমে। বেলেঘাটার প্রার্থী পার্থ চৌধুরী এবং এন্টালির প্রিয়াঙ্কা টিব্রেওয়াল সহ একাধিক কেন্দ্রের প্রার্থীদের নাম মেনে নিতে পারছেন না নিচুতলার কর্মীরা। এই অসন্তোষের জেরেই শুক্রবার সল্টলেকের বিজেপি পার্টি অফিসের সামনে আছড়ে পড়ল বিশাল বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে সশরীরে ময়দানে নামতে হল রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে।

বিক্ষোভের তীব্রতা এতটাই ছিল যে এক পর্যায়ে মেজাজ ধরে রাখতে পারেননি শমীক ভট্টাচার্য। চিৎকার ও স্লোগানিংয়ের মাঝে মেজাজ গরম করে তিনি সাফ জানিয়ে দেন, “একটা সময় পর্যন্ত আমি টলারেট করব, তারপর আর করব না।” তিনি আরও যোগ করেন যে নির্বাচনের বিষয়ে দলের সিদ্ধান্তই চূড়ান্ত, তাই কর্মীদের অবিলম্বে শান্ত হওয়া উচিত। অন্যদিকে লকেট চট্টোপাধ্যায় কর্মীদের বুঝিয়ে শুনিয়ে শান্ত করার চেষ্টা করেন এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।

বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন ভোট-পরবর্তী হিংসায় নিহত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। তিনি স্পষ্ট ভাষায় জানান, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার মতো যোগ্য প্রার্থী দেওয়া হয়নি এবং দিল্লির চাপিয়ে দেওয়া এই সিদ্ধান্ত তাঁরা মানবেন না।

এই পরিস্থিতি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, বিজেপির তাসের ঘর এখন ভিতর থেকেই ভেঙে পড়ছে এবং বাংলার মানুষ প্রত্যাখ্যান করার আগেই দলের কর্মীরাই নেতাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। সব মিলিয়ে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে পদ্ম শিবিরের অন্দরে এখন কার্যত গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *