প্রেমের টানে বিয়ের পর চরম বিপত্তি, তেহট্টে আদালত চত্বর থেকেই নববধূকে তুলে নিয়ে গেল পরিবার – এবেলা

প্রেমের টানে বিয়ের পর চরম বিপত্তি, তেহট্টে আদালত চত্বর থেকেই নববধূকে তুলে নিয়ে গেল পরিবার – এবেলা

এবেলা ডেস্কঃ

নদিয়ার তেহট্টে ভালোবাসার টানে ঘর ছেড়ে প্রেমিককে বিয়ে করেছিলেন ১৮ বছরের এক তরুণী। কিন্তু পরিবার সেই সম্পর্ক মেনে না নিয়ে যুবক ও তাঁর পরিবারের বিরুদ্ধে অপহরণের লিখিত অভিযোগ দায়ের করে। গত ২৮ সেপ্টেম্বর স্বেচ্ছায় প্রেমিকের বাড়িতে গিয়ে সামাজিক মতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। থানা থেকে আদালতের বিচারকের কাছে নিজের জবানবন্দি দিয়ে বের হওয়ার পরই ঘটে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, তেহট্ট আদালত চত্বরের গেটের মুখেই ওত পেতে বসে থাকা তরুণীর পরিবারের সদস্যরা তাঁকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয়।

তরুণীর পরিবারের তাণ্ডবে বাধা দিতে গেলে যুবকের স্বজনদের ওপর আক্রমণ ও মারধরের অভিযোগ উঠেছে। এমনকি আপৎকালীন ১০০ নম্বরে ফোন করেও তাৎক্ষণিক কোনো প্রশাসনিক সাহায্য মেলেনি বলে চরম ক্ষোভ প্রকাশ করেছেন যুবকের পরিবার। বর্তমানে স্ত্রীর প্রাণসংশয়ের আশঙ্কায় তেহট্ট থানার এসডিপিও ও পুলিশ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় যুবক। পুলিশ অবিলম্বে তাঁকে উদ্ধারের আকুল আর্জি জানিয়েছে। ঘটনার তীব্রতায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালে তেহট্টের এসডিপিও দপ্তর সূত্রে জানানো হয় যে, লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *