ফরাক্কায় রেললাইন ধস: নরম মাটির জেরে থমকে মেরামত, বাতিল ও ঘুরপথে চলছে একাধিক ট্রেন – এবেলা

এবেলা ডেস্কঃ
৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ফরাক্কার বিপর্যস্ত রেলপথ পুরোপুরি মেরামত করা সম্ভব হয়নি। পূর্ব রেলের তরফে এর আগে শুক্রবার রাতের মধ্যে কাজ শেষ হওয়ার আশ্বাস দেওয়া হলেও, মাটির নরম প্রকৃতির কারণে মেরামতির কাজে মারাত্মক বিলম্ব ঘটছে। এর জেরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে ট্রেন যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে এবং কবে নাগাদ পরিসেবা স্বাভাবিক হবে, তা নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। ফলস্বরূপ, সরাইঘাট এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল এবং পদাতিক এক্সপ্রেসের মতো একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি, মালদহ টাউন-নিউ দিল্লি এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস এবং বন্দে ভারত এক্সপ্রেসসহ বহু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করে ঘুরপথে চালানো হচ্ছে।
রেল পরিষেবা ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা এবং তাঁদের একমাত্র ভরসা এখন সড়কপথ। বাসের অতিরিক্ত চাহিদার কথা মাথায় রেখে রাজ্য সরকারের তরফে কলকাতা-শিলিগুড়ি এবং মালদহ রুটে একাধিক অতিরিক্ত বিশেষ বাস নামানো হয়েছে। এসপ্ল্যানেড থেকে শিলিগুড়ি পর্যন্ত অতিরিক্ত বাস পরিষেবার ব্যবস্থাও করা হয়েছে। তবে রেলের এই অচলাবস্থা কবে কাটবে এবং ট্রেন চলাচল কবে স্বাভাবিক ছন্দে ফিরবে, সে বিষয়ে রেল কর্তৃপক্ষের তরফে এখনও সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ জানানো হয়নি।
