ফাঁসাবে জানলে আগেই কেচ্ছা ফাঁস করতাম! প্রাক্তনের সঙ্গে চ্যাট বিতর্কে মুখ খুললেন ইউটিউবার গৌরব – এবেলা

এবেলা ডেস্কঃ
নেটদুনিয়ায় এখন চর্চার কেন্দ্রবিন্দুতে জনপ্রিয় ইউটিউবার তথা ইনফ্লুয়েন্সর গৌরব তপাদারের ব্যক্তিগত জীবন। প্রাক্তন প্রেমিকা অন্তরা দে-র ফাঁস করা কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট ও অডিও বার্তাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। এই তরজায় যুক্ত হয়েছেন গৌরবের বর্তমান স্ত্রী প্রিয়াঙ্কাও। ফলে তিনজনের এই পারস্পরিক কাদা ছোঁড়াছুড়িতে ইনফ্লুয়েন্সর হিসেবে গৌরবের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সোশ্যাল মিডিয়ায় কাদা ছোঁড়াছুড়ির সূত্রপাত
বিতর্কের সূত্রপাত হয় গত ২৩ জুন স্ত্রী প্রিয়াঙ্কার একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে, যেখানে নিজেকে পরোক্ষভাবে অযোগ্য বলে কটাক্ষ করা হয়েছে বলে দাবি করেন অন্তরা। এরপরেই ফেসবুক লাইভে এসে বিচ্ছেদের কারণ তুলে ধরার পাশাপাশি গৌরবের বিয়ের রেজিস্ট্রির পর পাঠানো বেশ কিছু মেসেজ ও অডিও বার্তা প্রকাশ্যে আনেন তিনি। এর জবাবে বৃহস্পতিবার গভীর রাতে মুখ খোলেন গৌরব। তাঁর দাবি, দুই বছর আগে মদ্যপ অবস্থায় তিনি প্রাক্তনকে ওই মেসেজগুলি করেছিলেন। এতদিন পর সেই মেসেজগুলিকে হাতিয়ার করে তাঁকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ তাঁর। পাশাপাশি, প্রাক্তনের ‘কেচ্ছা’ ফাঁস করে দেওয়ার প্রচ্ছন্ন হুমকিও দিয়েছেন এই ইউটিউবার।
স্বামীর পাশেই স্ত্রী এবং আইনি পথে হাঁটার ইঙ্গিত প্রাক্তনের
এই ঘটনায় গৌরবের দাম্পত্য জীবনে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হলেও, স্ত্রী প্রিয়াঙ্কা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি স্বামীর পাশেই আছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, হাজার ভুল-ত্রুটির পরও হাতে হাত রেখে একসঙ্গে এগিয়ে যাওয়ার শিক্ষাই তিনি পরিবার থেকে পেয়েছেন। তবে মজার ছলে প্রকাশ্যে স্বামীকে সতর্ক করতেও ছাড়েননি তিনি। অন্যদিকে, গৌরবের ‘কেচ্ছা’ ফাঁসের হুমকির কড়া জবাব দিয়েছেন অন্তরা। তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় আরও কিছু চ্যাট প্রকাশ্যে এনেছেন এবং আইনজীবীর পরামর্শ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। নেটমাধ্যমে এই প্রকাশ্য ব্যক্তিগত দ্বন্দ্ব সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরদের ব্যক্তিজীবনের বিতর্কিত দিক এবং অনুগামীদের মধ্যে তার নেতিবাচক প্রভাবকেই ফের একবার উন্মুক্ত করে দিল।
