ফিফার গদিতে তীব্র ঝড়! বিশ্বজুড়ে বিরোধিতার মুখেও কার পাশে দাঁড়াল আর্জেন্টিনা? – এবেলা

এবেলা ডেস্কঃ
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্ক ও বিরোধিতার ঝড় উঠেছে। টুর্নামেন্টগুলির বাণিজ্যিক স্বত্ব বিক্রি সংক্রান্ত বিতর্কিত পরিকল্পনা এবং আর্থিক লেনদেনের সিদ্ধান্ত নিয়ে বিশ্বের অধিকাংশ ফুটবল খেলিয়ে দেশ তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ফিফার অন্দরমহলেও এই নীতি নিয়ে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। বিশেষ করে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে ফিফাকে বয়কট করার অবস্থানে অনড় রয়েছে। এমনকি নরওয়ের মতো দেশ ইনফান্তিনোর পদত্যাগের দাবিও জোরালো করেছে। এই পরিস্থিতিতে বিশ্ব ফুটবলে বিভাজন যখন চূড়ান্ত রূপ নিয়েছে, ঠিক তখনই বর্তমান সভাপতির পাশে দাঁড়িয়েছে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা।
ইউয়েফা এবং লাতিন আমেরিকার বেশ কিছু অংশের বিরোধিতার বিপরীতে গিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করে চিঠি পাঠিয়েছে। গত এক দশকে ফিফার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে আর্জেন্টিনার পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়ন এবং স্বচ্ছ ও স্থিতিশীল শাসনকাঠামো গঠনে ফিফার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তবে বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিতর্কিত বিষয়টিতে তাঁরা সরাসরি কোনো মন্তব্য করা থেকে বিরত থেকেছে। আর্জেন্টিনার পাশাপাশি মেক্সিকো এবং আফ্রিকা মহাদেশের ফুটবল সংস্থাও ইনফান্তিনোর পক্ষে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছে। বিশ্ব ফুটবলের এমন টানটান পরিস্থিতিতে এই শক্ত সমর্থনের ফলে ফিফার ক্ষমতার সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।
