ফুটপাথে দোকান দেওয়ার নামে ৭ লক্ষ টাকা প্রতারণা! তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে FIR – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: ফুটপাথে দোকান পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল খোদ শাসকদলের কাউন্সিলরের বিরুদ্ধে। কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ এবং তাঁর চার সহযোগীর বিরুদ্ধে আনন্দপুর থানায় জালিয়াতি ও প্রতারণার লিখিত এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। কসবার এক বাসিন্দা শুক্রবার এই চাঞ্চল্যকর অভিযোগটি দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত ২০২২ সালের নভেম্বর মাসে। অভিযোগকারীর দাবি, ফুটপাথে দোকান বসিয়ে দেওয়ার নাম করে দফায় দফায় তাঁর কাছ থেকে মোট সাত লক্ষ টাকা নেওয়া হয়। শুধু তাই নয়, বিশ্বাস জেতাতে কলকাতা পুরসভার (KMC) লোগো দেওয়া একটি ‘ভুয়ো’ লাইসেন্সও তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
পরবর্তীতে ওই লাইসেন্স জাল জানার পরই প্রতারণার বিষয়টি সামনে আসে। আনন্দপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খোদ শাসকদলের হেভিওয়েট কাউন্সিলরের নাম এই আর্থিক জালিয়াতিতে জড়ানোয় কলকাতার রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে গিয়েছে।
