ফের ইডির হানা পুলিশ আধিকারিক মনোরঞ্জনের বাড়িতে কয়লা পাচার কাণ্ডে বাড়ছে তদন্তের গতি – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের একবার অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বুধবার সকালে বুদবুদের পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা দিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। কয়লা ও বালি পাচার মামলায় প্রোটেকশন মানি এবং আর্থিক লেনদেনের অভিযোগে এই তল্লাশি চালানো হচ্ছে বলে খবর।
তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, এর আগে গত ৩ ফেব্রুয়ারি মনোরঞ্জনের বাড়িতে প্রথমবার হানা দিয়েছিল ইডি। ধৃত কয়লা কারবারি চিন্ময় মণ্ডলের সঙ্গে এই পুলিশ আধিকারিকের হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরেই তদন্তের জালে উঠে আসে মনোরঞ্জনের নাম। অভিযোগ, অবৈধ বালি ও কয়লা পাচারের সিন্ডিকেটগুলোর মধ্যে মধ্যস্থতা করা এবং তার বিনিময়ে মোটা অঙ্কের ‘প্রোটেকশন মানি’ নিতেন তিনি। এই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে একাধিকবার সিজিও কমপ্লেক্সে তলব করা হলেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। তৃতীয়বার নোটিস দেওয়ার পর বুধবার ফের তাঁর বাড়িতে তল্লাশি শুরু করল ইডি।
উল্লেখ্য, মনোরঞ্জন মণ্ডল যখন প্রথমবার ইডির নজরে আসেন, তখন তিনি বুদবুদ থানার ওসি পদে কর্মরত ছিলেন। পরবর্তীতে তাঁকে আসানসোল দুর্গাপুর পুলিশের স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়। এদিন একইসঙ্গে সিটি সেন্টারের সেপকো এলাকায় বালি কারবারি প্রবীর দত্তের বাড়িতেও অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থা।
কয়লা পাচার মামলার তদন্তে গতি বাড়াতে সম্প্রতি ইডি ডিরেক্টর রাহুল নবীন কলকাতায় উচ্চপর্যায়ের বৈঠক করেন। তারপর থেকেই আসানসোল, রানিগঞ্জ ও জামুরিয়ার বিভিন্ন এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে। ইতিপূর্বে এক ব্যবসায়ীর গুদাম থেকে প্রায় দেড় কোটি টাকা নগদ উদ্ধার করেছিলেন আধিকারিকরা। তদন্তকারীদের দাবি, পাচারের লভ্যাংশের একটি বড় অংশ এই পুলিশ আধিকারিকের কাছে পৌঁছেছিল এবং সেই লেনদেনের বিস্তারিত তথ্য পেতেই এই সক্রিয়তা।

