ফের বড় ধাক্কা ‘ডায়মন্ড হারবার মডেল’-এ! আত্মহত্যায় প্ররোচনার মামলায় পুলিশের জালে অভিষেক ঘনিষ্ঠ শিক্ষক নেতা মইদুল – এবেলা

ফের বড় ধাক্কা ‘ডায়মন্ড হারবার মডেল’-এ! আত্মহত্যায় প্ররোচনার মামলায় পুলিশের জালে অভিষেক ঘনিষ্ঠ শিক্ষক নেতা মইদুল – এবেলা

এবেলা ডেস্কঃ

ডায়মন্ড হারবার: সাতসকালে খোদ তৃণমূলের হেভিওয়েট শিক্ষক নেতা তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মইদুল ইসলামের আকস্মিক আটকের ঘটনায় তীব্র শোরগোল পড়ে গেল ডায়মন্ড হারবারে। মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবার থানার পুলিশ নেতড়া এলাকা থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, ২০২২ সালের একটি আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলার তদন্তেই এই বড় পদক্ষেপ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আচমকাই নেতড়া এলাকায় ঝটিকা অভিযান চালায় ডায়মন্ড হারবার থানার পুলিশ। সেখান থেকেই মইদুল ইসলামকে জালে তোলে পুলিশ। এই খবর চাউর হতেই রাজনৈতিক মহলে মুহূর্তের মধ্যে জল্পনা ও জোর চর্চা শুরু হয়ে গেছে।

নেপথ্যে ২০২২ সালের আত্মহত্যার মামলা:

তৃণমূলের এই পরিচিত মুখের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ২০২২ সালে দায়ের হওয়া একটি আত্মহত্যায় প্ররোচনার মামলায় মইদুলের নাম জড়ায়। দীর্ঘদিন ধরে সেই মামলার তদন্ত চালাচ্ছিল পুলিশ। সম্প্রতি তদন্তে কিছু নতুন ও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। সেই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই আজ সকালে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

তৃণমূলের অন্দরে জল্পনা তুঙ্গে:

মইদুল ইসলাম দীর্ঘদিন ধরে শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত এবং ডায়মন্ড হারবার মহকুমায় তৃণমূল কংগ্রেসের অত্যন্ত পরিচিত মুখ। রাজনৈতিক মহলে তিনি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত। ফলে তাঁর এই আটকের ঘটনায় স্বভাবতই অস্বস্তিতে পড়েছে শাসকদল।

তবে এই বিষয়ে পুলিশের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি। জানা গেছে, আপাতত থানায় রেখে তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে পরবর্তীকালে তাঁকে গ্রেপ্তার করা হবে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। অন্যদিকে এই ঘটনাকে অস্ত্র করে ময়দানে নেমেছে বিরোধীরা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *