ফ্ল্যাট কেনার ফাঁদে লক্ষাধিক টাকার প্রতারণা, কলকাতায় গ্রেপ্তার ১ – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতায় ফ্ল্যাট দেওয়ার নাম করে জাল নথি তৈরি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিবেক ত্রিপাঠী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কারায়া থানা পুলিশ। অভিযোগ, ২০২১ সালে অভিযুক্ত ও তাঁর সহযোগীরা একটি ফ্ল্যাটের ভুয়া নথিপত্র আসল হিসেবে দেখিয়ে নকতলা রোডের বাসিন্দা নন্দকিশোর শর্মাকে প্ররোচিত করেন। অভিযোগকারীর দাবি, ফ্ল্যাট হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়ে ধৃতরা তাঁর কাছ থেকে দফায় দফায় মোট ৭ লক্ষ ৮৭ হাজার টাকা আত্মসাৎ করেছেন। টাকা নেওয়ার পরেও ফ্ল্যাট না দিয়ে দীর্ঘ সময় তালবাহানা করা হয় বলে অভিযোগ।
ভুক্তভোগী নিজের টাকা ফেরত চাইতে গেলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে জানা গেছে। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, এটি কোনো বড় প্রতারণা চক্রের অংশ হতে পারে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। জাল নথি তৈরির নেপথ্যে ঠিক কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
