বইমেলা ২০২৭ সামলাবে ২৪ জনের বিশেষ কমিটি, কমিটিতে স্থান পেল রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম – এবেলা
এবেলা ডেস্কঃ
আন্তর্জাতিক কলকাতা বইমেলা পরিচালনায় বড়সড় বদল আনল রাজ্য সরকার। মেলা প্রস্তুতি ও ব্যবস্থাপনার তদারকিতে গঠিত হয়েছে একটি ২৪ সদস্যের উপদেষ্টা কমিটি। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সাক্ষরিত একটি সরকারি নির্দেশিকায় এই তথ্য সামনে এসেছে।
প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, বিগত ১৭ ও ২১ অগস্ট নবান্নে আয়োজিত বিশেষ বৈঠকে এই বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়। বৈঠকে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ, ন্যাশনাল বুক ট্রাস্ট (NBT), জনশিক্ষা প্রসার দপ্তর এবং একাধিক প্রকাশনা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গঠিত কমিটিতে রামকৃষ্ণ মিশনের স্বামী আর্যেশানন্দ, ভারত সেবাশ্রম সঙ্ঘের স্বামী সারস্বতানন্দ ছাড়াও পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের প্রতিনিধি হিসেবে স্থান পেয়েছেন দেবজ্যোতি দত্ত, অনিল আচার্য, মিলিন্দ দে, রাজকুমার বর্মন, দেবজিৎ সরকার, সপ্তর্ষি চৌধুরি, প্রসেনজিৎ বক্সি, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, সুকেশ মণ্ডল, মোহিত রায়, ওসমান গণি ও আশিস গিরি। তবে তাৎপর্যপূর্ণভাবে এই কমিটি থেকে বাদ পড়েছেন গিল্ডের বর্তমান সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এবং সভাপতি সুধাংশুশেখর দে।
দূরদর্শনের কনসাল্টিং এডিটর প্রসেনজিৎ বক্সী এই ২৪ সদস্যের কমিটির আহ্বায়কের দায়িত্ব সামলাবেন। উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বইমেলা। পরবর্তীতে ২০২৭ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলা যৌথভাবে আয়োজন করবে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড, EZCC এবং ন্যাশনাল বুক ট্রাস্ট; যেখানে মূল দিকনির্দেশনা ও পরামর্শের দায়িত্বে থাকবে রাজ্য সরকারের গঠিত এই ২৪ সদস্যের উপদেষ্টা কমিটি।
