বকখালির হোটেলগুলিতে বড় বিপদের আশঙ্কা! প্রশাসনের আচমকা হানায় ফাঁস চাঞ্চল্যকর সত্য! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যজুড়ে পরপর ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতে নড়েচড়ে বসল প্রশাসন। তারই প্রেক্ষিতে মঙ্গলবার বকখালির একাধিক প্রথম সারির আবাসিক হোটেলে আচমকা হানা দিল কাকদ্বীপ মহকুমা প্রশাসন, দমকল বিভাগ ও পুলিশ। সম্প্রতি তারাপীঠ ও নিউ মার্কেটের হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে বহু প্রাণহানির জেরে প্রশ্ন উঠেছিল পর্যটনকেন্দ্রগুলির নিরাপত্তা নিয়ে। এই যৌথ অভিযানে আধিকারিকরা হোটেলগুলির ফায়ার সেফটি লাইসেন্স, অগ্নিনির্বাপণ যন্ত্রের কার্যকারিতা এবং রান্নাঘরের সার্বিক নিরাপত্তা খুঁটিয়ে দেখেন।
তদন্তে নেমে একাধিক হোটেলের ফায়ার সেফটি বিধিতে বড় ধরনের গলদ ধরা পড়ায় চরম অসন্তোষ প্রকাশ করেন আধিকারিকরা। পরিস্থিতি গুরুত্ব বুঝে প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী এক মাসের মধ্যে প্রতিটি হোটেলকে লাইসেন্স নবীকরণ ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা সচল করতে হবে। এই সময়ের মধ্যে নির্দেশিকা না মানলে সংশ্লিষ্ট হোটেলগুলির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কাকদ্বীপের এসডিও শুভঙ্কর ভট্টাচার্য। অন্যদিকে, প্রশাসনের বেঁধে দেওয়া এক মাসের মধ্যে সব নিয়ম পালনের কথা জানিয়েছেন বকখালি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সুভাষ মাঝি।
