বকেয়া ডিএ নিয়ে চরম অনিশ্চয়তা কি মিটবে না? এবার সুপ্রিম কোর্টের কড়া নাড়ছেন রাজ্যের বঞ্চিত শিক্ষকরা – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে দানা বাঁধছে নতুন বিতর্ক। গত ১৩ মার্চ রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। অভিযোগ, সরকারি কর্মচারীদের জন্য স্পষ্ট নির্দেশিকা থাকলেও সরকার-পোষিত স্কুলের শিক্ষক, লাইব্রেরিয়ান ও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে অর্থ প্রদানের কোনো সুনির্দিষ্ট উল্লেখ নেই। শুধুমাত্র তথ্য সংগ্রহের কথা বলায় ক্ষোভে ফুঁসছেন শিক্ষক সমাজ।
‘অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর দাবি, রোপা ২০০৯ অনুযায়ী ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া ডিএ আগামী সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে মিটিয়ে দিতে হবে। প্রশাসনিক জটিলতায় বহু অবসরপ্রাপ্ত শিক্ষক ও পেনশনভোগী বছরের পর বছর অপেক্ষায় দিন গুনছেন। রাজ্যের এই ‘বিমাতৃসুলভ’ আচরণের প্রতিবাদে ইতিমধ্যেই স্কুল শিক্ষা দফতরে চিঠি পাঠিয়েছে সংগঠনটি।
অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক চন্দন গড়াই স্পষ্ট জানিয়েছেন, দ্রুত সমাধান না হলে তাঁরা Supreme \titleonly কোর্টের মালহোত্রা কমিটির দ্বারস্থ হবেন। প্রয়োজনে পেন-ডাউন, রিলে অনশন ও গণ-অনুপস্থিতির মতো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। ভোটের মুখে শিক্ষকদের এই আইনি লড়াই ও আন্দোলনের ডাক নবান্নের ওপর চাপ বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

