বঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: ১৫০ আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করল বিজেপি – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচন কমিশন এখনও দিনক্ষণ ঘোষণা না করলেও বঙ্গ বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে একধাপ এগিয়ে গেল বিজেপি। দলীয় সূত্রে খবর, দিল্লিতে দু’দিনের ম্যারাথন বৈঠকের পর প্রায় ১৫০টি আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করেছে গেরুয়া শিবির। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। প্রথম দফার এই তালিকাটি ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরপরই জনসমক্ষে আনা হতে পারে বলে জানা গেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বর্তমান বিধায়কদের ওপরই আস্থা রাখছে দল। প্রায় ৮৭ থেকে ৮৮ শতাংশ বর্তমান বিধায়ক আবারও টিকিট পেতে চলেছেন। তবে শারীরিক অসুস্থতা ও বয়সজনিত কারণে ১০ থেকে ১২ শতাংশ বিধায়ক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ইচ্ছা প্রকাশ করেছেন। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির প্রার্থী বাছাইয়ে গুরুত্ব দেওয়া হলেও কলকাতা ও সংলগ্ন এলাকার প্রার্থীদের নাম এখনও চূড়ান্ত হয়নি। এই অঞ্চলে স্বচ্ছ ভাবমূর্তির বিশিষ্টজনদের প্রার্থী করার পরিকল্পনা রয়েছে দলের।
নির্বাচন কমিশন আগামী ১৬ মার্চ পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের ভোটের তারিখ ঘোষণা করতে পারে বলে জোরালো জল্পনা শুরু হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনারের ইঙ্গিত অনুযায়ী, বাংলায় এক থেকে তিন দফায় ভোট গ্রহণ হতে পারে এবং এপ্রিলের মধ্যেই ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। প্রার্থী তালিকায় একাধিক নতুন মুখের পাশাপাশি বর্তমান জনপ্রতিনিধিদের অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই জয়ের ব্লুপ্রিন্ট সাজাচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্ব।

