বঙ্গবঙ্গে বিধানসভা নির্বাচন ২০২৬: কড়া নিরাপত্তায় দুই দফায় ভোট, নজরদারিতে নির্বাচন কমিশন – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ফলাফল প্রকাশিত হবে ৪ মে। সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে প্রতি দফায় ২ হাজার কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুথ স্তরের নিরাপত্তা ও ভোটারদের নির্ভয় পরিবেশ দিতে কমিশন এবার আপসহীন অবস্থান গ্রহণ করেছে।
নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে ভোটকর্মী ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের ছবি ডিজিটাল ও হার্ড কপি আকারে সংরক্ষণ করা হবে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত শনাক্তকরণের জন্যই এই পদক্ষেপ। পাশাপাশি, বুথ দখল বা ভোটারদের ভয় দেখানোর মতো ঘটনা রুখতে কেন্দ্রীয় বাহিনীকে পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। কমিশনের লক্ষ্য প্রতিটি বুথে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা।
নির্বাচন চলাকালীন সামাজিক মাধ্যমে ভুয়ো তথ্য ও গুজব ছড়ানো রুখতে বিশেষ নজরদারি চালানো হবে। বিভ্রান্তিকর খবর ছড়ালে তৎক্ষণাৎ আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কমিশন। রাজ্য নির্বাচন দপ্তরের তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই নগদ অর্থসহ প্রায় ১১২ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। কড়া প্রশাসনিক নজরদারিতে রাজ্যের নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখাই এখন কমিশনের প্রধান চ্যালেঞ্জ।

