বঙ্গে মমতা-বিরোধী গোপন তৎপরতা আরএসএসের: লক্ষ্য বিধানসভা নির্বাচন – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলার রাজনীতিতে ফের আলোচনায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) কৌশল। প্রকাশ্য প্রচারের বদলে ঘরোয়া স্তরে সাংগঠনিক কাজ এগিয়ে নিচ্ছে তারা। লক্ষ্য আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের গড় নড়িয়ে দেওয়া। সঙ্ঘের স্বেচ্ছাসেবকরা ‘জাগরণ’ কর্মসূচির মাধ্যমে ছোট ছোট দলে ভাগ হয়ে বাড়ি বাড়ি জনসংযোগ চালাচ্ছেন।
বিজেপি নেতৃত্বের দাবি, শিল্পায়ন ও কর্মসংস্থানের অভাব এবং তোষণ রাজনীতির বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে ‘অন্তঃসলিলা ক্ষোভ’ তৈরি হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের মতে, আদিবাসী থেকে ভদ্রলোক—সব স্তরেই পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্ট। হিন্দু ভোট একজোট করাই এখন সঙ্ঘের প্রধান লক্ষ্য। অন্যদিকে, মুসলিম ভোটব্যাঙ্কেও ফাটল ধরেছে বলে দাবি গেরুয়া শিবিরের।
তৃণমূল কংগ্রেস অবশ্য এই তৎপরতাকে রাজনৈতিক কৌশল ও বিভাজনের চেষ্টা বলে উড়িয়ে দিয়েছে। শাসক দলের দাবি, উন্নয়নমূলক প্রকল্প ও সামাজিক সুরক্ষায় বাংলা অপ্রতিদ্বন্দ্বী। তবে রামনবমীকে কেন্দ্র করে রাজনৈতিক মেরুকরণ এবং আরএসএসের এই ‘নীরব’ তৎপরতা আসন্ন নির্বাচনে আদর্শ বনাম আদর্শের লড়াইকে তীব্র করে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

