বঙ্গে মমতার জয় চাইলেন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী, ক্ষুব্ধ প্রদেশ নেতৃত্ব – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে প্রবীণ কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় কামনা করেছেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, দলীয় অবস্থানের ঊর্ধ্বে গিয়ে ব্যক্তিগতভাবে তিনি তৃণমূল নেত্রীর জয় দেখতেই আগ্রহী। বিশেষত বিজেপিকে রুখতে এবং একজন মহিলা নেত্রীর লড়াইকে সম্মান জানাতেই তাঁর এই অকপট সমর্থন বলে তিনি উল্লেখ করেন।
দীর্ঘ ২০ বছর পর বঙ্গে এককভাবে লড়াই করা কংগ্রেসের অন্দরে এই মন্তব্য তীব্র অস্বস্তি তৈরি করেছে। রেণুকা চৌধুরী স্পষ্ট করেছেন যে, রাজ্যে কংগ্রেস প্রার্থী দিলেও তিনি মমতাপন্থী। তাঁর মতে, রাজ্যপালের পরিবর্তন বা প্রশাসনিক চাপের মুখে মুখ্যমন্ত্রী যেভাবে লড়াই করছেন, তা প্রশংসনীয়। তবে কেন্দ্রীয় নেত্রীর এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ রাজ্য কংগ্রেসের শীর্ষ নেতারা।
সাংসদের এই অবস্থানের কড়া সমালোচনা করেছে প্রদেশ কংগ্রেস। দলের মিডিয়া সেলের প্রধান মিতা চক্রবর্তী সামাজিক মাধ্যমে পালটা তোপ দেগে জানান, বাংলার রাজনৈতিক পরিস্থিতি না বুঝে জাতীয় নেতাদের এমন মন্তব্য অনুচিত। তিনি সংশ্লিষ্ট নেতাদের বাংলায় এসে লড়াই করার চ্যালেঞ্জ জানান অথবা নির্বাচনের সময় মৌন থাকার পরামর্শ দেন। এই ঘটনায় বঙ্গে কংগ্রেস ও তৃণমূলের সমীকরণ নিয়ে নতুন বিতর্ক দানা বেঁধেছে।

