বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ: বসন্তের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস ও বাড়তে থাকা তাপমাত্রা – এবেলা
এবেলা ডেস্কঃ
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে, যা আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই সিস্টেমটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমেই শক্তি সঞ্চয় করবে। এর প্রভাবে আগামী সোম ও মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উত্তর ২৪ পরগনার কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
এদিকে, ফাল্গুনের শুরুতেই রাজ্যে শীতের আমেজ বিদায় নিচ্ছে। কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ইতিমত্যেই ৩১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে স্বাভাবিকের উপরে পৌঁছেছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী দু’দিনে রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে পরবর্তী পাঁচ দিন তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ভোরের দিকে হালকা ঠান্ডার আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূত হচ্ছে।
উত্তরবঙ্গে অবশ্য আগামী সাত দিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। সেখানে হিমালয় সংলগ্ন জেলাগুলোতে এখনও শীতের রেশ বজায় থাকবে। দার্জিলিং ও পার্বত্য এলাকায় তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলেও শিলিগুড়ি ও মালদহে তা ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ার সম্ভাবনা থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তনের দিকেই ইঙ্গিত দিচ্ছে।

