বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি, কলকাতা সহ জেলায় জেলায় তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা! – এবেলা

বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি, কলকাতা সহ জেলায় জেলায় তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা! – এবেলা

এবেলা ডেস্কঃ

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পাওয়ার কথা জানানো হয়েছে। আগামী সোমবার পর্যন্ত রাজ্যজুড়ে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকতে পারে।

উত্তর বিহার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে, যা ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার ওপর দিয়ে বিস্তৃত। মূলত এই অক্ষরেখার প্রভাবেই নতুন করে ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এই দুর্যোগের কারণে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার, এমনকী ক্ষেত্রবিশেষে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া, বজ্রপাতের ব্যাপক আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে খোলা জায়গায় বা গাছের নিচে আশ্রয় নিতে বারণ করেছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে দুর্যোগ ও হলুদ সতর্কতা

চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় প্রতিদিনই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে শুক্রবার দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া—এই সাতটি জেলায় ঝড়বৃষ্টির জন্য হাওয়া অফিসের তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়াও বেশ দুর্যোগপূর্ণ থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের মতো জেলাগুলিতে তুমুল ঝড়বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *