বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়! ১৬০০ বিমান বাতিল, ১০ লক্ষাধিক মানুষ নিরাপদ আশ্রয়ে – এবেলা
এবেলা ডেস্কঃ
ধেয়ে আসছে চলতি বছরের অন্যতম শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় টাইফুন ডলফিন। ঘণ্টায় প্রায় ১৬২ কিলোমিটার বেগে চিনের পূর্ব উপকূলে আছড়ে পড়ার আশঙ্কায় সর্বোচ্চ পর্যায়ের লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ঝড়ের প্রভাবে সাংহাই ও এর পার্শ্ববর্তী অঞ্চলে যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। পুডং এবং হংকিয়াও বিমানবন্দরসহ মোট ১ হাজার ৬০০-র বেশি উড়ান বাতিল করা হয়েছে। পাশাপাশি, ট্রেন চলাচল স্থগিত রাখা এবং ২০০টিরও বেশি ফেরি রুট বন্ধ করে দেওয়া হয়েছে। বন্দরগুলির সমস্ত জাহাজ নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
সম্ভাব্য ধ্বংসলীলা এড়াতে উপকূলীয় ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলি থেকে ১০ লাখেরও বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ঝড়ের প্রভাবে আগামী কয়েক দিন ২০০ থেকে ৪০০ মিলিমিটার পর্যন্ত মুষলধারে বৃষ্টিপাত হতে পারে, যার ফলে পাহাড়ি এলাকায় ভয়াবহ বন্যা ও ধসের আশঙ্কা রয়েছে। চিনে আঘাত হানার আগে টাইফুনটি জাপানের ওকিনাওয়া দ্বীপেও তাণ্ডব চালিয়েছিল, যার জেরে ৫০ হাজারেরও বেশি ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় ঝেজিয়াং ও ফুজিয়ান প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
