বড় চমক দিল্লিতে! সরকারহীন প্রতীকী সংসদে ‘স্পিকার’ মীরা, জ্ঞানেশকে তোপ দাগলেন খাড়্গে-রাহুলেরা – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজধানী দিল্লির ১০ নম্বর রাজাজি মার্গে অনুষ্ঠিত হল এক অভূতপূর্ব ‘মক পার্লামেন্ট’, যেখানে সরকারপক্ষের কোনো উপস্থিতি ছাড়াই লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমারের পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হলেন বিরোধী নেতারা। ‘পিপলস ইমপিচমেন্ট’ নামের এই কর্মসূচিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে সিইসি-র বিরুদ্ধে ভোট চুরি, লাখ লাখ ভোটারের নাম বাদ এবং পক্ষপাতমূলক আচরণের ৬ দফা অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের বিচার দাবি করেন। পাশাপাশি, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই প্রতীকী পদক্ষেপকে নির্বাচন কমিশনের প্রতি একটি চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে বর্ণনা করেছেন।
আইনি জটিলতা এড়াতে আয়োজিত এই কর্মসূচিতে অন্যান্য বিরোধী দলের প্রতিনিধিরাও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শাণান। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এসআইআর প্রক্রিয়াকে ‘অপরাধমূলক অপারেশন’ বলে কটাক্ষ করেন এবং পিডিপি নেত্রী মেহবুবা মুফতি সিইসি-কে ‘হুকুমের গোলাম’ আখ্যা দেন। অন্যদিকে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এই উদ্যোগের কড়া সমালোচনা করেছে। বিজেপি সাংসদ সম্বিত পাত্র পাল্টা তোপ দেগে জানান যে কংগ্রেস সংসদীয় ব্যবস্থার তামাশা তৈরি করছে এবং নিয়ম মেনেই ভোটার তালিকা থেকে অনুপস্থিত ও স্থানান্তরিত ভোটারদের বাদ দেওয়া হচ্ছে।
