বড় ধামাকা! সাধারণ ঘরের মহিলারাও পাবেন ১৫০০ টাকা এবং বেকারদের জন্য মাসিক পকেটমানি – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলার বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজিয়ে তৃণমূল কংগ্রেসের হাইভোল্টেজ ইশতেহার প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সাধারণ শ্রেণির মহিলাদের আর্থিক সচ্ছলতা ফেরাতে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের বরাদ্দ বাড়িয়ে মাসে ১৫০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের জন্য ১৭০০ টাকা দেওয়ার মেগা ঘোষণা করেছেন তিনি।
বেকার যুবক-যুবতীদের মুখে হাসি ফুটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এখন থেকে তাঁদের হাতখরচ হিসেবে প্রতি মাসে ১৫০০ টাকা করে পকেটমানি দেবে রাজ্য সরকার। শুধু আর্থিক সাহায্যই নয়, স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘দুয়ারে সরকার’-এর ধাঁচে এবার শুরু হতে চলেছে ‘দুয়ারে চিকিৎসা’। ই-লার্নিং সুবিধার মাধ্যমে কয়েক হাজার স্কুলকে আধুনিক মানের গড়ে তোলা এবং প্রশাসনিক কাজের সুবিধার্থে ৭-৮টি নতুন জেলা ও ব্লক গঠনের প্রতিশ্রুতিও দিয়েছেন তৃণমূল নেত্রী।
ইশতেহার প্রকাশ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কেন্দ্রের কড়া সমালোচনা করে বলেন, “বাংলাকে বাঁচাতে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়ুন। কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখাবে, টাকা দিয়ে প্রলুব্ধ করার চেষ্টা করবে, কিন্তু আপনারা মাথা নত করবেন না।” সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে তিনি সাফ জানান, হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান সকলে মিলে এক হয়ে অশান্তি সৃষ্টিকারীদের রুখে দিতে হবে।

