বড়সড় চমক! অনাস্থা ভোটের ২৪ ঘণ্টা আগেই বীরভূম জেলা পরিষদের পদ ছাড়লেন কাজল শেখ – এবেলা

এবেলা ডেস্কঃ
বীরভূম জেলা রাজনীতির বহু চর্চিত জল্পনার অবসান ঘটিয়ে জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দিলেন ফায়েজুল হক ওরফে কাজল শেখ। অনাস্থা প্রক্রিয়ার তলবি সভার ঠিক একদিন আগে বর্ধমান ডিভিশনাল কমিশনারের কাছে সশরীরে হাজির হয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। প্রশাসনিক সূত্রে জানা গেছে, কোনো রকম বাহ্যিক চাপ ছাড়াই সম্পূর্ণ ব্যক্তিগত কারণে পদ ছেড়েছেন বলে তিনি শুনানিতে জানান। এরপরই পঞ্চায়েত আইন মেনে তাঁর পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। আগামী ৫ কর্মদিবসের মধ্যে তাঁকে পদের সমস্ত সরকারি নথি ও সম্পত্তি হস্তান্তরের নির্দেশ প্রদান করা হয়েছে।
সম্প্রতি হাসন আসন থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার পর জেলা পরিষদের কাজে কাজলের অনুপস্থিতি নিয়ে দলের অন্দরেই ক্ষোভ দানা বাঁধছিল। সেই জল্পনা উসকে গত ৪ আগস্ট তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন ১৯ জন সদস্য। পরবর্তী সময়ে এই বিক্ষুব্ধ গোষ্ঠীর সমর্থন বেড়ে দাঁড়ায় ৪৪ জনে, যা সভাধিপতি অপসারণের প্রয়োজনীয় সংখ্যার চেয়েও অনেক বেশি। ফলে অনাস্থা ভোটে নিশ্চিত পরাজয় ও অপসারণের গ্লানি এড়াতেই তিনি আগেভাগে ইস্তফার পথ বেছে নিলেন বলে মনে করছে সচেতন মহলের একটি অংশ। ড্যামেজ কন্ট্রোলের এই পদক্ষেপের পর এবার বীরভূম জেলা পরিষদের পরবর্তী নেতৃত্বের রাশ কার হাতে যায়, সেদিকেই নজর সকলের।
