বনগাঁর নার্সিংহোমে অস্ত্রোপচারে গাফিলতির অভিযোগ: উত্তাল এলাকা, তদন্তে পুলিশ – এবেলা
এবেলা ডেস্কঃ
বনগাঁর একটি বেসরকারি নার্সিংহোমে জরায়ুর অস্ত্রোপচার চলাকালীন পেট কেটে ফের সেলাই করে দেওয়ার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। গোপালনগর নতুন গ্রামের বাসিন্দা জয়শ্রী অধিকারীর পরিবারের অভিযোগ, চিকিৎসক তমিশা জলগ্রাহী অস্ত্রোপচার শুরু করেও মাঝপথে তা বন্ধ করে দেন। রোগীর স্বামী সুরজিৎ অধিকারীর দাবি, ভুল চিকিৎসার কারণে তাঁর স্ত্রীর অবস্থা বর্তমানে অত্যন্ত সঙ্কটজনক। এই ঘটনায় বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
অভিযোগ উঠেছে যে, রোগীর স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও নার্সিংহোম কর্তৃপক্ষ কোনো সুবিধা দেয়নি এবং ইতিমধ্যেই প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়ে গিয়েছে। পরিবারের প্রশ্ন, সব রিপোর্ট দেখার পর কেন মাঝপথে অস্ত্রোপচার বন্ধ করা হলো। অন্যদিকে, অভিযুক্ত চিকিৎসক জানিয়েছেন, জরায়ু ও অন্যান্য অঙ্গ প্রত্যাশিতর চেয়ে জটিলভাবে জড়িয়ে থাকায় রোগীর জীবনের ঝুঁকির কথা ভেবেই তাঁরা পিছু হটেছেন।
বর্তমানে বনগাঁ পুলিশ ও স্বাস্থ্য দপ্তর পুরো বিষয়টি খতিয়ে দেখছে। চিকিৎসকের দাবি, পরিস্থিতি জটিল হওয়ায় একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছিল, তবে রোগীর পরিজনরা গাফিলতির অভিযোগে অনড়। সরকারি নিয়মে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা না দেওয়া এবং চিকিৎসার এই টানাপড়েনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। তদন্তের রিপোর্ট আসার পরেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

