বসন্তে তুষারস্নাত সান্দাকফু: বরফের চাদরে উত্তরবঙ্গ ও সিকিমের পাহাড়ি জনপদ – এবেলা
এবেলা ডেস্কঃ
মার্চের শেষে খামখেয়ালি আবহাওয়ার জেরে ভারী তুষারপাতে ঢেকেছে দার্জিলিংয়ের সান্দাকফুসহ নেপাল সীমান্ত সংলগ্ন উচ্চ পার্বত্য এলাকা। শুক্রবার রাত থেকে শুরু হওয়া এই তুষারপাতের ফলে সান্দাকফু, ফালুট ও মানেভঞ্জন এলাকায় প্রায় ছয় ইঞ্চি পুরু বরফের স্তর জমেছে। পর্যটকদের সুরক্ষায় স্থানীয় প্রশাসন ও ল্যান্ড রোভার্স অ্যাসোসিয়েশন তৎপর রয়েছে। বর্তমানে শতাধিক পর্যটক ওই এলাকায় আটকে থাকলেও তারা নিরাপদ আছেন এবং তাঁদের নিচে নামিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
তুষারপাতের প্রভাব পড়েছে প্রতিবেশী রাজ্য সিকিমেও। উত্তর ও পূর্ব সিকিমের লাচেন, থাঙ্গু এবং গুরুদোংমার যাওয়ার রাস্তা বরফে অবরুদ্ধ হয়ে পড়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। নিরাপত্তার খাতিরে ছাঙ্গু উপত্যকা ও নাথু-লা পাসে পর্যটকদের ভ্রমণ পাস ইস্যু সাময়িকভাবে বন্ধ রেখেছে সিকিম প্রশাসন। এছাড়া ভারী বৃষ্টির ফলে পাহাড়ের বিভিন্ন ঝোরা ও নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় সমতল ও পাহাড়ি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন সান্দাকফু ও সিকিমের উঁচু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাত অব্যাহত থাকতে পারে। তবে আসাময়ের এই তুষারপাত পর্যটন ব্যবসায়ীদের মুখে হাসি ফুটিয়েছে; সান্দাকফু ও দার্জিলিংয়ের হোটেলগুলোতে পর্যটকদের বুকিংয়ের হিড়িক পড়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের মতে, রবিবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে, তবে বজ্রগর্ভ মেঘের কারণে পাহাড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা এখনই কাটছে না।

