বসিরহাটে তুলকালাম! বাদ পড়ল ৩৪০ জন মুসলিম ভোটারের নাম, তালিকায় খোদ বিএলও নিজেও – এবেলা
এবেলা ডেস্কঃ
বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর বুথে ভোটার তালিকা নিয়ে চরম উত্তেজনা ছড়িয়েছে। সোমবার নির্বাচন কমিশনের প্রকাশিত অতিরিক্ত তালিকায় দেখা যায়, বড় গোবরা গ্রামের একটি নির্দিষ্ট বুথের ৩৪০ জন ভোটারের নাম সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, এই তালিকায় খোদ বুথ লেভেল অফিসার (BLO) মহম্মদ শফিউল আলমের নামও নেই।
স্থানীয়দের অভিযোগ, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সুপরিকল্পিতভাবে তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। খসড়া তালিকায় এই নামগুলো ‘বিচারাধীন’ থাকলেও চূড়ান্ত তালিকায় তা সরাসরি ‘বাতিল’ করা হয়। এমনকি প্রয়োজনীয় ৪-৫টি বৈধ নথি জমা দেওয়ার পরেও কেন নাম বাদ গেল, তা নিয়ে কোনো সদুত্তর মেলেনি প্রশাসনের তরফে।
বিক্ষুব্ধ বাসিন্দারা বিএলও-র বাড়ি ও রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানান। বিএলও শফিউল আলম জানান, সমস্ত নিয়ম মেনে ফর্ম পূরণ ও নথি আপলোড করা সত্ত্বেও এই গণছাঁটাই রহস্যজনক। বিডিও-র কাছে প্রতিকার না পেয়ে এবার আইনি লড়াই ও ট্রাইব্যুনালের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগীরা।

