বস্তাবন্দি ধড়, স্কুটির ডিকিতে কাটা মাথা! অফিসে প্রেমিকাকে খুনের পর টুকরো করল প্রেমিক – এবেলা
এবেলা ডেস্কঃ
আগ্রা: অন্য যুবকের সঙ্গে কথা বলার সন্দেহে নিজের প্রেমিকাকে অফিসের ভেতরেই নৃশংসভাবে খুন করল এক যুবক। প্রথমে প্রেমিকার মাথা কেটে আলাদা করে ফেলে সে, এরপর দেহটি বস্তাবন্দি করতে না পেরে পা দুটিও কেটে বাদ দেয়। উত্তরপ্রদেশের আগ্রায় ঘটে যাওয়া এই হাড়হিম করা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
ঠিক কী ঘটেছিল?
আগ্রার সঞ্জয় প্লেস এলাকায় অবস্থিত ‘দিবিশা টেকনোলজি লিমিটেড’ নামক একটি কো ম্পা নিতে ৩২ বছর বয়সী মিন্সি শর্মা এইচআর ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। একই অফিসে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করত বিনয় রাজপুত। দীর্ঘ দু-বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে পুলিশ সূত্রে খবর, গত ছয় মাস ধরে মিন্সি অন্য এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছিলেন, যা বিনয় মেনে নিতে পারেনি।
খুনের নৃশংস বর্ণনা
শনিবার সন্ধ্যায় অফিসের পিয়নকে দ্রুত ছুটি দিয়ে দেয় বিনয়। এরপর মিন্সিকে অফিসে ডেকে পাঠায় সে। সেখানে তাদের মধ্যে প্রবল ঝগড়া শুরু হলে, আগে থেকে সঙ্গে আনা ছুরি দিয়ে মিন্সির গলা কেটে দেয় বিনয়। প্রমাণ লোপাটের জন্য সে শরীর থেকে মাথা আলাদা করে স্কুটির ডিকিতে ভরে ফেলে। বাকি দেহটি বস্তায় ভরার চেষ্টা করলে তা না আঁটায় প্রেমিকার পা দুটিও কেটে বস্তার ভেতর ঢুকিয়ে দেয় সে।
ধরা পড়ল যেভাবে
শনিবার মাঝরাতে প্রেমিকার স্কুটিতে করেই দেহাংশ নিয়ে পালানোর চেষ্টা করছিল বিনয়। যমুনা সেতুর ওপর স্কুটির নিয়ন্ত্রণ হারালে দেহভর্তি বস্তাটি নিচে পড়ে যায়। আশেপাশের লোকজন তা দেখে ফেললে ভয়ে বিনয় ধড় সম্বলিত বস্তাটি সেখানেই ফেলে রেখে পালিয়ে যায়। এরপর মাথা, রক্তমাখা জামাকাপড় এবং মোবাইল ফোনটি কাছের একটি নালায় ফেলে দেয় সে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ অভিযুক্ত বিনয়কে গ্রেফতার করেছে।
পরিবারে শোকের ছায়া
নিহত মিন্সি শর্মার ভাই দীপক শর্মার বিয়ে আগামী ৬ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল। আশ্চর্যের বিষয় হলো, বিনয় নিজেও বিয়ের তদারকিতে পরিবারকে সাহায্য করছিল। যে বাড়িতে বিয়ের সানাই বাজার কথা ছিল, সেখানে এখন মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের মাতম চলছে।

