বাঁকুড়ায় তৃণমূলের প্রার্থী তালিকায় চমক নতুন মুখের ওপর ভরসা রেখে প্রচার শুরু জোড়াফুল শিবিরের – এবেলা
এবেলা ডেস্কঃ
বাঁকুড়া জেলায় প্রার্থী নির্বাচনে এবার নতুন ও প্রবীণদের সমন্বয়ে বড় চমক দিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দুপুরে বিশিষ্ট চক্ষু চিকিৎসক অনুপ মণ্ডল এবং ট্রাক মালিক সংগঠনের নেতা গৌতম মিশ্র আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রার্থী হিসেবে তাঁদের নাম ঘোষণা করা হয়। অনুপবাবু বাঁকুড়া সদর এবং গৌতমবাবু বড়জোড়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দল পরিবর্তনের এই ঝড়ে বড়জোড়ার বিদায়ী বিধায়ক অলক মুখোপাধ্যায় অবশ্য টিকিট পাননি।
জঙ্গলমহলের রানিবাঁধ ও রাইপুর কেন্দ্রেও প্রার্থী বদল করেছে শাসকদল। রানিবাঁধে খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির পরিবর্তে অধ্যাপিকা তনুশ্রী হাঁসদা এবং রাইপুরে ঠাকুরমণি সোরেনকে মনোনীত করা হয়েছে। তবে বিষ্ণুপুর ও কোতুলপুরে দল ত্যাগ করে আসা দুই বিধায়ক তন্ময় ঘোষ এবং হরকালী প্রতিহারের ওপরই পুনরায় আস্থা রেখেছে তৃণমূল। অন্যদিকে, ওন্দা কেন্দ্রে প্রার্থী হয়েছেন সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত।
তালিকা ঘোষণার পরপরই জেলাজুড়ে তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গেছে। বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্তে প্রার্থীরা দেওয়াল লিখন ও জনসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন। নতুন প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী এবং তাঁরা এলাকার শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন। টিকিট না পাওয়া বিদায়ী জনপ্রতিনিধিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

