বাংলাদেশের কাছে সিরিজ হারলেও সতীর্থদের লড়াইয়ে গর্বিত শাহিন আফ্রিদি – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ১-২ ব্যবধানে পরাজিত হয়েও দলের পারফরম্যান্সে গর্ব প্রকাশ করেছেন পাকিস্তানের অধিনায়ক শাহিন আফ্রিদি। সিরিজের শেষ ম্যাচের পর তিনি জানান, দলের তরুণ ক্রিকেটারদের লড়াই এবং শেষ বল পর্যন্ত টিকে থাকার মানসিকতা তাকে মুগ্ধ করেছে। বিশেষ করে যারা প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন, তাদের পাশে থাকার অঙ্গীকার করেছেন পাক অধিনায়ক।
ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় শাহিন বলেন, শুরুতে দ্রুত উইকেট হারিয়ে দল চাপে পড়লেও ক্রিকেটাররা হাল ছাড়েননি। পরাজয় সত্ত্বেও ক্রিকেটারদের লড়াকু মনোভাবকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। অধিনায়কের মতে, তরুণদের থেকে এই ধরনের লড়াকু মানসিকতাই দলের ভবিষ্যৎ গড়ে তুলবে। তবে সিরিজ হেরেও তার এমন সন্তুষ্টির বহিঃপ্রকাশ ক্রিকেট মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
শাহিন আফ্রিদির এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে ক্রিকেট বিশ্বে বিস্ময় ও বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রাক্তন ক্রিকেটারদের একাংশ এবং সাধারণ ক্রিকেটপ্রেমীরা সিরিজ হারের পর এমন ‘গর্বিত’ হওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও পাক অধিনায়কের এই অপেশাদার সুলভ বা অতি-ইতিবাচক মানসিকতার সমালোচনা করেছেন ভক্তরা।

