‘বাংলায় আর কাটমানি চলে না’, জন্মদিনে মা-বোনেদের বড় বার্তা মোদীর – এবেলা
/indian-express-bangla/media/media_files/2026/09/11/modi-birthday-west-bengal-schools-diya-lighting-seva-sankalp-abhiyan-2026-09-11-12-51-35.jpg?ssl=1)
এবেলা ডেস্কঃ
September 17, 20262:08 pm
নিজের ৭৬তম জন্মদিনে রাজ্যজুড়ে উদযাপিত ‘অন্নপূর্ণা দিবস’ উপলক্ষে পশ্চিমবঙ্গের নারীদের বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও বার্তায় রাজ্যের ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্পের সাফল্য তুলে ধরে তিনি দাবি করেন, প্রশাসনিক পরিবর্তনের ফলে বাংলায় অবশেষে বন্ধ হয়েছে দীর্ঘদিনের কাটমানি ও দালালরাজ।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী জানান, কোনো রকম মধ্যস্বত্বভোগী ছাড়াই অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা সরাসরি যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। তাঁর কথায়, “সংসার চালানোর নিত্যদিনের দুশ্চিন্তা কমলে মানুষের আত্মবিশ্বাস বাড়ে। ‘অন্নপূর্ণা যোজনা’ আজ বাংলার মা-বোনেদের সেই আর্থিক সুরক্ষা জোগাচ্ছে। নতুন সরকারের প্রথম অঙ্গীকারই ছিল—’কথা কম, কাজ বেশি’। আজ স্বচ্ছ ব্যবস্থার কারণে বাংলায় আর কোনো সরকারি সুবিধার জন্য কাটমানি দিতে হয় না।”
বক্তব্যে নারী ক্ষমতায়নে কেন্দ্র সরকারের একাধিক পদক্ষেপের কথা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। ‘মাতৃ বন্দনা’, ‘বেটি বাঁচাও বেটি পড়াও’, ‘সুকন্যা সমৃদ্ধি’, ‘উজ্জ্বলা’ গ্যাস এবং ‘আয়ুষ্মান ভারত’-এর মতো প্রকল্পগুলির উল্লেখ করে তিনি আক্ষেপ প্রকাশ করেন যে, বিগত ১২ বছর ধরে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় প্রকল্পগুলির রূপায়ণে স্থবিরতা ছিল। তবে বর্তমান প্রশাসনিক তৎপরতায় থমকে থাকা কাজগুলিতে অভূতপূর্ব গতি এসেছে বলে জানান তিনি।
বক্তব্যের শেষে ‘বিকশিত বাংলা’ গড়ার ডাক দিয়ে মোদী আশ্বাস দেন, দুর্নীতির ইতিহাস মুছে ফেলে কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রচেষ্টায় এক নতুন, স্বচ্ছ ও স্বাবলম্বী পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে।
