বাংলায় এবার রাজকীয় রথযাত্রা! ৬০টি কমিটিকে ৫ লাখ টাকা করে অনুদান মুখ্যমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ
দীর্ঘ প্রতীক্ষা ও খামতি কাটিয়ে রাজ্যে এবার বিপুল উৎসাহে পালিত হতে চলেছে রথযাত্রা উৎসব। ‘ফিরে এসো চাকা… রথ হয়ে এসো… পথ হয়ে এসো…’- এই আবেগকে সঙ্গী করেই বাংলায় এবার রথের সংখ্যা বাড়ছে প্রায় ৩ গুণ। সনাতনী সংস্কৃতি ও বাঙালির আবেগকে এক সুতোয় বাঁধতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্যের নতুন সরকার।
রাজ্য সরকারের বিরাট ঘোষণা ঐতিহ্যবাহী রথযাত্রাগুলিকে আর্থিকভাবে সাহায্য করতে এগিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ঘোষণা করেছেন, রাজ্যের যে ৬০টি রথযাত্রা কমিটি দশকের পর দশক ধরে এই উৎসব পালন করে আসছে, তাদের প্রত্যেককে ৫ লক্ষ টাকা করে সরকারি অনুদান দেওয়া হবে। এই অর্থ পুরনো ঐতিহ্যবাহী রথগুলির রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজে ব্যয় করার পরামর্শ দিয়েছেন তিনি।
কী বলছে শাসকদল?
- শমীক ভট্টাচার্য (বিজেপি রাজ্য সভাপতি): তাঁর দাবি, এতদিনের ভয় ও বাধা কাটিয়ে মানুষ এবার সাহসের সঙ্গে রথযাত্রায় অংশ নেবে। মৌলবাদীদের দাপট কমায় সাধারণ মানুষ ফের স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে উৎসবে মেতে উঠবেন।
- দিলীপ ঘোষ (পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী): বাংলায় ‘সনাতন জাগরণ’ হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর কথায়, আগে রথ আটকানো হলেও এবার তা গ্রাম-গঞ্জে নির্বিঘ্নে চলবে। আগামী দিনে দুর্গাপূজা থেকে রামনবমী—সব উৎসবই অত্যন্ত ধুমধাম করে পালিত হবে।
রথ মানে শুধুই কাঠ আর দড়ি নয়, রথ মানে বাঙালির আবেগ, মেলা আর জিলিপির গন্ধ। পুরীর জগন্নাথ দর্শনে যাঁরা ভিড়ের কারণে যেতে পারেন না, তাঁরা যাতে নিজেদের রাজ্যেই সেই একই আনন্দ ও ভক্তির স্বাদ পান, তা নিশ্চিত করতেই এই ‘রাজকীয়’ রথযাত্রার প্রস্তুতি নিচ্ছে বাংলা।
