বাংলায় ধরাশায়ী হবে বিজেপি, মমতার পাশে দাঁড়িয়ে হুঙ্কার অখিলেশের – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা: বিহার জয়ের পর বাংলার মসনদ দখলের স্বপ্ন দেখছে বিজেপি। তবে গেরুয়া শিবিরের সেই আশায় জল ঢেলে দিলেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাফ জানালেন, “বিজেপি দিদির কাছেই হারবে।”
এদিন নবান্নে মমতার সঙ্গে ৪৫ মিনিট রুদ্ধদ্বার বৈঠক করেন অখিলেশ। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিজেপি এরাজ্যে জয়ের জন্য নয়, বরং ‘লজ্জার হার’ বাঁচানোর লড়াই করছে। অখিলেশের কথায়, “সারা দেশে কেউ যদি বুক চিতিয়ে বিজেপির মোকাবিলা করে থাকেন, তবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে বিভেদের রাজনীতি চলবে না।”
সোমবার স্ত্রী ডিম্পল যাদবকে নিয়ে কলকাতায় আসা অখিলেশ এদিন সকালেই জয়া বচ্চনকে সঙ্গে নিয়ে কালীঘাটে পুজো দেন। এরপর নবান্নে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানান তিনি। এনআরসি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেন সপা নেতা।
তৃণমূলের ভোট কুশলী সংস্থা আই-প্যাকের অফিসে ইডি হানা নিয়েও সরব হন অখিলেশ। তাঁর দাবি, ইডি-সিবিআই দিয়ে দিদিকে ভয় দেখানো যাবে না। অখিলেশ বলেন, “বিজেপি ভুলে গেছে এখানে দিদির সরকার চলছে, ডিজিটাল ডাকাতি করে বাংলায় ভোট জেতা আসাম্ভব।” আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত বলেই আত্মবিশ্বাসী বার্তা দিলেন সমাজবাদী পার্টি প্রধান।

