লেটেস্ট নিউজ

বাংলায় ভোট বয়কটের ডাক! হাইকম্যান্ডের দরবারে বিস্ফোরক দাবি নিয়ে যাচ্ছেন মৌসম নূর – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে দিয়ে এবার বিধানসভা নির্বাচন বয়কটের দাবি তুললেন বর্ষীয়ান নেত্রী মৌসম বেনজির নূর। রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া আসাম্ভব— এই বিস্ফোরক অভিযোগ তুলে সরাসরি কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারস্থ হতে চলেছেন তিনি।

মৌসম নূরের সাফ কথা, বর্তমানে রাজ্যে যে ধরনের রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা হয়েছে, তাতে সাধারণ মানুষের পক্ষে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করা কোনোভাবেই সম্ভব নয়। পরিস্থিতি বিচার করে তিনি জানান, “যে পরিবেশ এখানে তৈরি করে দেওয়া হয়েছে, তাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বা অবাধ নির্বাচন হওয়ার কোনো অবকাশ নেই। আমি আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে স্পষ্ট বলব যে, এই পরিস্থিতিতে লড়াই করার চেয়ে ভোট বয়কট করাই শ্রেয়।”

নিজের এই কড়া অবস্থানের কথা তিনি রাহুল গান্ধী এবং এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খড়্গেকে বিস্তারিতভাবে জানাবেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন। তাঁর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠলেও এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। রাজ্য রাজনীতির অন্দরে প্রশ্ন উঠছে, তবে কি নির্বাচনের আগেই পিছু হঠার ইঙ্গিত দিচ্ছে ঘাসফুল শিবির থেকে আসা এই নেত্রী নাকি এটি কোনো বৃহত্তর রণকৌশলের অংশ?

এখন দেখার বিষয়, দিল্লিতে রাহুল-খড়্গেদের দরবারে মৌসমের এই প্রস্তাব কতটা গুরুত্ব পায় এবং হাইকম্যান্ড বাংলার ভোট নিয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *