বাংলার ভোট মিটলেই রান্নার গ্যাস হবে ২,০০০ টাকা, বিনপুরের সভা থেকে মোদী সরকারকে চরম হুঁশিয়ারি অভিষেকের – এবেলা
এবেলা ডেস্কঃ
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিনপুরের দলীয় প্রার্থী বীরবাহা হাঁসদার সমর্থনে আয়োজিত মেগা সভায় বিজেপিকে নজিরবিহীন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, বাংলার নির্বাচন মিটে গেলেই মোদী সরকার রান্নার গ্যাসের দাম বাড়িয়ে ২,০০০ টাকা এবং পেট্রোল-ডিজেলের দাম ২০০ টাকা করবে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপি নেতাদের লিখিত প্রতিশ্রুতি দেওয়ার চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, আগামী ৫ বছর দাম বাড়বে না এমন নিশ্চয়তা দিলে তৃণমূল প্রার্থী তুলে নেবে।
এদিন বিনপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান বা ‘রিপোর্ট কার্ড’ পেশ করেন অভিষেক। তিনি জানান, এই এলাকায় লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী এবং বাংলা আবাস যোজনার সুবিধা পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। কেন্দ্রের বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা ও আবাসের অর্থ আটকে রাখার অভিযোগ তুলে তিনি দিল্লির বঞ্চনা নিয়ে সরব হন। বিজেপিকে কেবল প্রতিশ্রুতি ও বিভেদের রাজনীতিতে সীমাবদ্ধ বলে কটাক্ষ করেন তিনি।
জনসভা থেকে বিজেপি-র বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে বিভেদ সৃষ্টির অভিযোগ এনে অভিষেক কর্মীদের চাঙ্গা করেন। তিনি সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, ভোটের পরেই সাধারণ মানুষের পকেটে টান মারতে জ্বালানির দাম বাড়ানো হবে। তাই ইভিএমে এর যোগ্য জবাব দেওয়ার আহ্বান জানান তিনি। তৃণমূল সবার সমর্থনে সরকার গড়ে সবসময় মানুষের পাশে থাকে বলেও এদিন বিনপুরের মঞ্চ থেকে দৃঢ়ভাবে ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

