বাংলার ভোটার তালিকায় বড় পদক্ষেপ: দিল্লি থেকে আসছেন ৪ বিশেষ পর্যবেক্ষক! – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের আবহেই রাজ্যে আরও চারজন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। দিল্লি ও ত্রিপুরা থেকে আসা এই আইএএস অফিসাররা সুব্রত গুপ্তর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। মূলত ভোটার তালিকায় কোনো যোগ্য ব্যক্তির নাম বাদ যাওয়া বা অবৈধ অনুপ্রবেশ ঠেকাতেই এই বাড়তি নজরদারির ব্যবস্থা।
কমিশন সূত্রে জানানো হয়েছে, জেলা নির্বাচনী আধিকারিক ও বিএলও-দের একাংশের গাফিলতির কারণেই তথ্যগত অসঙ্গতি বাড়ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নবনিযুক্ত পর্যবেক্ষকরা কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বসে প্রতিটি এনুমারেশন ফর্ম খতিয়ে দেখবেন। প্রয়োজনে তাঁরা সরাসরি জেলাগুলোতেও পরিদর্শনে যাবেন। ভোটার তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে এবং নির্ভুল তথ্য এন্ট্রি নিশ্চিত করাই এই বিশাল পর্যবেক্ষক দলের মূল লক্ষ্য।

