বাংলার রাজনীতিতে অনুপ্রবেশ ও এসআইআর ইস্যুতে মমতাকে সরাসরি চ্যালেঞ্জ হিমন্তের!

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার কালিম্পংয়ের জনসভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনুপ্রবেশ ও নাগরিকত্ব ইস্যুতে তীব্র আক্রমণ শানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে অবাধ অনুপ্রবেশের ফলে রাজ্যের যুবসমাজের ভবিষ্যৎ এবং স্বতন্ত্র পরিচিতি বিপন্ন হয়ে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাতে না পারলে রাজ্যটি চিরতরে হারিয়ে যাবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
আসাম ও ত্রিপুরায় অনুপ্রবেশ রোধে সাফল্য এলেও পশ্চিমবঙ্গে তা রুখতে রাজ্য সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার সমালোচনা করে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেন। এছাড়া, মহিলা সংরক্ষণ বিল নিয়ে সংসদে কংগ্রেস ও তৃণমূলের ভূমিকার কড়া সমালোচনা করে রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারীশক্তিকে অপমান করার অভিযোগ তোলেন তিনি। হিমন্তর মতে, এই ঘটনার জেরে বিরোধী জোটের পতন নিশ্চিত।
