বাইকের পিছনে বস্তায় ১৯ বছরের তরুণীর দেহ! পুরুলিয়ায় সন্দেহভাজন প্রেমিক গ্রেফতার – এবেলা

এবেলা ডেস্কঃ
September 13, 20266:33 pm
নৃশংস এই হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে পুরুলিয়ার বলরামপুর। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বলরামপুরের বাঘমুণ্ডি থানার এক ১৯ বছরের তরুণী পুরুলিয়া শহরে একটি মেসে থেকে নার্সিং পড়াশোনা করতেন। একই এলাকায় মেসে থেকে চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়া এক যুবকের সঙ্গে কোচিং ক্লাসেই তাঁর পরিচয় এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
পুলিশের প্রাথমিক অনুমান, সম্প্রতি অন্য এক যুবকের সঙ্গে ওই তরুণীর যোগাযোগ তৈরি হয়েছে—এমন সন্দেহের বশেই ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রেমিক। গত শনিবার দুপুর ১টা নাগাদ কোচিংয়ের নাম করে মেস থেকে বের হওয়ার পর তরুণীকে কোনও এক নির্জন স্থানে ডেকে নিয়ে গিয়ে গলা কেটে খুন করা হয় বলে অভিযোগ। এরপর প্রমাণ লোপাট করতে মৃতদেহটি একটি বস্তায় ভরে বাইকে চাপিয়ে অযোধ্যা পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছিলেন অভিযুক্ত।
শনিবার গভীর রাতে বলরামপুর থানার বিদ্যুৎ দফতর সংলগ্ন এলাকায় নাকা চেকিংয়ের সময় পুলিশ বাইকটি আটকায়। বস্তার গায়ে রক্তের দাগ দেখতে পেয়ে সন্দেহ হওয়ায় তা খুলতেই পুলিশকর্মীদের চোখ কপালে ওঠে। উদ্ধার হয় নিখোঁজ ওই নার্সিং ছাত্রীর নিথর দেহ। পুলিশের দাবি, কঠোর জেরার মুখে নিজের অপরাধের কথা স্বীকার করেছেন অভিযুক্ত যুবক। রবিবার ধৃতকে আদালতে পেশ করা হয়েছে।
এদিকে ঘটনার দিন সন্ধেয় মায়ের ফোনে মেয়ের নিয়মিত যোগাযোগ না আসায় পরিবারের সন্দেহ দানা বাঁধে। মোবাইল বন্ধ থাকায় মেস মালিককে জানিয়ে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। পরিবারের এক আত্মীয়ার দাবি, খুনের আগে তরুণীকে নির্যাতন বা ধর্ষণ করা হয়ে থাকতে পারে বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে। পুলিশ এই গুরুতর অভিযোগের তদন্ত শুরু করেছে এবং ধৃতের কঠোর শাস্তির দাবি জানিয়েছে শোকস্তব্ধ পরিবার।
